
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সাত মাসের যুদ্ধ শেষ করতে হলে ইরানকে তার পরমাণু জ্বালানির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ‘অর্থবহভাবে’ কমাতে হবে। ভবিষ্যতে সমৃদ্ধকরণ কমানোর আশ্বাস নয়, এখনই ইরানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স বুধবার (৭ অক্টোবর) জানায়, আলাস্কায় নির্বাচনী প্রচার শেষে এক বিশেষ সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেন। তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে ইরানের ক্ষমতাকাঠামোয় তারা কতটা সিদ্ধান্ত নিতে পারেন, তা ওয়াশিংটনের কাছে স্পষ্ট নয়।
সোমবার আলাস্কায় দেয়া বক্তব্যে ভ্যান্স বলেন, ‘আপনি যদি পরমাণু অস্ত্র না চান, তাহলে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম কেন প্রয়োজন? আর পরমাণু অস্ত্র বানাবেন না—এ বিষয়ে প্রতিশ্রুতি দেখাতে চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি তৈরি করবেন না। এটি খুবই মৌলিক একটি বিষয়।’
তিনি বলেন, ‘তারা যদি পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেখাতে চায়, তাহলে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতায় অর্থবহ কিছু করতে হবে।’
যুদ্ধ শেষ করা এবং বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী আবার খুলে দেয়ার লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের কাছে প্রস্তাব দিয়েছে। তবে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক অভিযান আরো জোরদার হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এখনো সমঝোতায় রাজি। তবে এর জন্য ইরানকে পরমাণু কর্মসূচিতে বাস্তব ছাড় দিতে হবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কেবল কথার বিনিময়ে কাজ নেবে না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








