
যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড শনিবার (৩ অক্টোবর) জানিয়েছে, বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হওয়া একটি মেডিক্যাল পরিবহন বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে বিমানে থাকা ছয় আরোহীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের জানায় যে, সি-জিআরজেপি টেইল নম্বরযুক্ত একটি গালফস্ট্রিম জি১০০ বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পরে কোস্ট গার্ডের অনুসন্ধানকারী দল নিখোঁজ বিমানের সাথে সম্পর্কিত একটি ধ্বংসাবশেষের এলাকা শনাক্ত করে।
বিবৃতিতে বলা হয়, ‘বিমানে থাকা ছয়জনের সন্ধানে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।’
কোস্ট গার্ড জানিয়েছে, বিমানে চারজন কানাডীয় ও দু’জন বারমুডার নাগরিক ছিলেন।
কানাডা-ভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স পরিচালিত বিমানটি রাত দেড়টার দিকে নিখোঁজ হয় বলে কোম্পানির মুখপাত্র ক্ল্যারেন্স টোগেরেটজ বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন।
তিনি বলেন, বিমানে দু’জন পাইলট, দু’জন চিকিৎসাকর্মী, একজন রোগী ও রোগীর পরিবারের এক সদস্য ছিলেন।
কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী, তাদের বহরে ১০টি বিমান রয়েছে। এসব বিমানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থান থেকে রোগী বা অন্য ব্যক্তিদের নিজ দেশে ফিরিয়ে নেয়া এবং চিকিৎসাজনিত জরুরি পরিবহন সেবা দেয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে রোববার সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








