ব্রাজিল
ব্রাজিলের নির্বাচনের আগে চূড়ান্ত বিতর্কে অংশ নেননি লুলা-বলসোনারো। সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে অংশ নেননি প্রধান দুই প্রার্থী ফ্লাভিও বলসোনারো ও লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

Advertisement

বৃহস্পতিবার ফ্লাভিও বলসোনারো বিতর্ক থেকে সরে দাঁড়ান। এর আগে লুলাও তাতে অংশ না নেয়ার সিদ্ধান্ত ঘোষণা দেন। ফলে বিতর্কটি শেষ পর্যন্ত বাতিল করা হয়।

বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা নির্ধারিত সময়ে কয়েক কোটি সাবস্ক্রাইবার থাকা ইউটিউব চ্যানেলের জনপ্রিয় একটি পডকাস্টে অংশ নেন। অন্যদিকে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও তার সরে দাঁড়ানোর কারণ হিসেবে নির্বাচনী আদালতের ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

৮১ বছরে পা দিতে যাওয়া লুলা রোববার প্রথম দফার ভোটে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলের মুখোমুখি হচ্ছেন। জনমত জরিপে লুলা সামান্য এগিয়ে রয়েছেন।

তবে ২৫ অক্টোবর সম্ভাব্য দ্বিতীয় দফার ভোটে দুজনের অবস্থান প্রায় সমান বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। কিছু বিশ্লেষক চূড়ান্ত বিতর্কে অংশ না নেয়ার লুলার সিদ্ধান্তকে বামপন্থী নন এমন অংশগ্রহণকারীদের সম্মিলিত আক্রমণ এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখেছেন।

তবে নির্বাচনী আদালত অনুষ্ঠানের মঞ্চে লুলার অনুপস্থিতি বোঝাতে খালি চেয়ার রাখার অনুমতি না দেয়ায় ফ্লাভিও আদালতের বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলেন।

অনুপস্থিত প্রার্থীকে ইঙ্গিত করে খালি জায়গার দিকে তাকিয়ে কথা বলার সুযোগ থেকে অন্য অংশগ্রহণকারীদেরও বিরত রাখা হয়েছিল।

লুলা মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে ব্রাজিলের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, তিনি এই হাড্ডাহাড্ডি নির্বাচন ‘খুব ঘনিষ্ঠভাবে’ পর্যবেক্ষণ করছেন।