শীর্ষ পর্যায়, ২০ শতাংশ, জেনারেল,  অ্যাডমিরাল, ছাঁটাই, পরিকল্পনা,  মার্কিন যুদ্ধমন্ত্রী, পিটার হেগসেথ,
মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। সংগৃহীত

শীর্ষ পর্যায়ের ২০ শতাংশ জেনারেল ও অ্যাডমিরাল ছাঁটাইয়ের পরিকল্পনা নিশ্চিত করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। একই সাথে তিনি মার্কিন বাহিনীতে তথাকথিত 'বৈচিত্র্য' চর্চার তীব্র সমালোচনা করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন—রক্ষণশীলতার বাইরে গিয়ে কোনো ‘অদ্ভুত, দাড়িওয়ালা বা দুর্বল’ ব্যক্তির ঠাঁই হবে না মার্কিন সেনাবাহিনীতে।

Advertisement

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (১ অক্টোবর) জানায়, ভার্জিনিয়ার সামরিক ঘাঁটিতে দেওয়া এক ভাষণে হেগসেথ মার্কিন বাহিনীর মনোবল ভেঙে পড়ার খবরকে ভুয়া দাবি করে বলেন, সেনা ধরে রাখার ক্ষেত্রে বর্তমানে রেকর্ড সফলতা পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইরান যুদ্ধের কারণে টানা ২৮৬ দিন সাগরে অবস্থান করা রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের উদাহরণ টেনে তিনি জানান, সেখানকার প্রায় ৮০ শতাংশ সদস্যকে বাহিনীতে রেখে দেওয়া সম্ভব হয়েছে। অথচ দীর্ঘমেয়াদী এই মোতায়েনের কারণে বিমানবাহী যুদ্ধজাহাজটির অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া সামরিক নীতির প্রশংসা করে যুদ্ধমন্ত্রী বলেন, ‘আমাদের বাহিনীর একমাত্র মূল লক্ষ্য হওয়া উচিত প্রশিক্ষণ, প্রস্তুতি, জবাবদিহিতা, শৃঙ্খলা ও আক্রমণাত্মক সক্ষমতা। কোনো অজুহাত বা মতাদর্শের আশ্রয় নিয়ে পার পাওয়ার সুযোগ আর নেই।’ গণমাধ্যমের সমালোচনা করে তিনি আরো যোগ করেন, সেনাবাহিনী আর কোনো ‘দুর্বল বা প্রগতিশীল কেন্দ্র’ নয়। সোজা কথায়—স্থূল, হিজড়া, দাড়িওয়ালা, অদ্ভুত বা উগ্রপন্থীদের বদলে মার্কিন বাহিনীতে কেবল প্রকৃত যোদ্ধাদেরই রাখা হবে।

অনুষ্ঠানে পিট হেগসেথ ভবিষ্যতের যুদ্ধকৌশল পর্যালোচনার জন্য পেন্টাগনের একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের সাথে ধনকুবের ইলন মাস্ক, শীর্ষ মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা পালমার লাকি এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ একসাথে কাজ করবেন বলে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভরতা কমিয়ে রক্ষণশীল ধারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পেন্টাগনের শিক্ষাবিষয়ক অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি।