২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সময়ের দৃশ্য
২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সময়ের দৃশ্য। সংগৃহীত ছবি

২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সময় গুলিতে গুরুতর আহত ৭৬ বছর বয়সী জিম কোপেনহাওয়ারের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘সত্যিকারের দেশপ্রেমিক জিম কোপেনহাওয়ার মারা গেছেন—এটি এক বিরাট ক্ষতি!’

পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় ওই ঘটনায় কোপেনহাওয়ারের বাহু ও পেটে গুলি লাগে। গুরুতর আহত দুই সমাবেশে অংশগ্রহণকারীর একজন ছিলেন তিনি।

সমাবেশে অংশ নেয়া ৫০ বছর বয়সী দমকলকর্মী কোরি কমপেরাতোরে নিহত হন। ট্রাম্পের কানে গুলি লাগে।

ট্রাম্প বলেন, ‘নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে আহত হওয়ার পর জিম অসামান্য সাহসিকতা দেখিয়েছেন। কল্পনাতীত কষ্টের মধ্য দিয়েও তিনি লড়াই চালিয়ে গেছেন এবং সবসময় ইতিবাচক মনোভাব ধরে রেখেছিলেন।’

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে প্রকাশিত কোপেনহাওয়ার পরিবারের আইনজীবীর এক বিবৃতিতে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল ডেভ সানডে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গুলিতে আহত হওয়ার জটিলতায় তিনি মারা গেছেন।

সূত্র : বাসস