
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশাধিকার ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। তিনটি সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা সম্ভবত অসাংবিধানিক বলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রায় দিয়েছেন মার্কিন জেলা বিচারক টিম কেলি।
বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানায়, তিনটি সংবাদমাধ্যমের করা মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন কেলি। ১৮ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন সংবাদমাধ্যমগুলোর হোয়াইট হাউজে প্রবেশাধিকার বাতিল করার পর তারা মামলাটি করে। নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি তাদের সংবিধানের প্রথম সংশোধনীতে দেয়া অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে বলে দাবি করেছিল সংবাদমাধ্যমগুলো।
ট্রাম্পের সাথে সংবাদমাধ্যমগুলোর চলমান বিরোধের মধ্যে এই আদেশকে তার জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ১৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, ওই তিনটি সংবাদমাধ্যমের 'বারবার কল্পকাহিনি ও মিথ্যা লেখা বা প্রচার' করার সুযোগ থাকা উচিত নয়।
অন্যদিকে, মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে নিষেধাজ্ঞাটির পক্ষে যুক্তি দেয়ার চেষ্টা করেছিলেন।








