
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে পারবে ইরান। মঙ্গলবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
রয়টার্স মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানায়, রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড বলেছে, আঞ্চলিক দেশগুলোর সহায়তায় যুক্তরাষ্ট্র আবার সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে তাদের জানানো হয়েছে। এর জবাবে তেহরান 'কোনো সীমাবদ্ধতা ও বিবেচনা ছাড়াই' পাল্টা ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে।
ইরানের ওই কর্মকর্তা বলেন, 'যুক্তরাষ্ট্রকে ঘোষণা দিতে হবে যে তারা কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করতে চায়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। এরপর প্রক্রিয়াটি কীভাবে এগোবে, তার একটি সময়সূচিতে একমত হতে হবে।'
তিনি জানান, ইরানের প্রতিনিধি দল বর্তমানে নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক যোগাযোগ আবারো শুরু করার পূর্ণ ক্ষমতা তাদের দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসঙ্ঘ সদর দফতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন না বলেও জানান ওই কর্মকর্তা।
তিনি বলেন, ওয়াশিংটনের সাথে যুদ্ধ বন্ধের চুক্তির বিস্তারিত বিষয় নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা যেতে পারে। তার ভাষ্য, ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের প্রস্তাব পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, 'যুক্তরাষ্ট্রের কূটনীতিতে ফেরার জন্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ একটি সুবর্ণ সুযোগ।' ওয়াশিংটন বাস্তব পদক্ষেপ নিলে তেহরানও কূটনৈতিক আলোচনা পুনরুজ্জীবিত করতে স্বাগত জানাবে বলে জানান তিনি।








