
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধবিমানের সম্ভাব্য মূল্য প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কংগ্রেসকে জানিয়েছে, তারা সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে। তবে ইসরাইল এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে।
ঐতিহাসিক এই বিক্রয় চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কোনো আরব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাওয়ার সুযোগ পাবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র দফতর জানায়, এই প্রস্তাবিত বিক্রয় চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভূমিকা পালনকারী যুক্তরাষ্ট্রের ন্যাটো-বহির্ভূত মিত্র সৌদি আরবের নিরাপত্তা জোরদার করবে।
সূত্র : মিডল ইস্ট আই







