
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি ‘ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার’ কথা বলবেন।
বামপন্থী এই নেতা মঙ্গলবার নিউইয়র্কে বার্ষিক বিশ্বনেতাদের সম্মেলনে ভাষণ দেবেন। সেখানে তার সাথে মার্কিন প্রেসিডেন্টের দেখা হতে পারে। আগামী অক্টোবরে ব্রাজিলের নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রতি ট্রাম্পের সমর্থন রয়েছে।
ব্রাসিলিয়ার শ্রমজীবী অধ্যুষিত সিলান্দিয়ায় এক নির্বাচনী প্রচারে লুলা বলেন, ‘আমি জাতিসঙ্ঘের বৈঠকে যাচ্ছি ট্রাম্পের সাথে কথা বলতে এবং তাকে বলতে- ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না।’
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কার্লোস বিকালহো কোজেনদেই বুধবার বলেন, লুলা ও ট্রাম্পের মধ্যে ‘নির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় বৈঠকের’ পরিকল্পনা নেই। তবে গত বছরের মতো এবারো তারা ‘অধিবেশনে সম্ভবত মুখোমুখি হবেন।’
জুলাইয়ে যুক্তরাষ্ট্র ব্রাজিলের পণ্যের ওপর নতুন করে দুই দফা শুল্ক আরোপ করে। লুলা এটিকে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ব্রাজিলের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা বলে নিন্দা করেন।
ট্রাম্প প্রশাসনের সাথে উত্তেজনা শুরু হয় ২০২৫ সালে। ওই সময় ওয়াশিংটন ব্রাজিলের ওপর প্রথম দফা শুল্ক আরোপ করে। সাবেক উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট এবং ট্রাম্পের মিত্র জইর বলসোনারোর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়ার জেরে এ পদক্ষেপ নেওয়া হয়। ফ্লাভিও বলসোনারো জইর বলসোনারোর ছেলে। অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে জইর বলসোনারোকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সূত্র : বাসস







