
সার্কভুক্ত দেশগুলোর কৃষি গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের তথ্য মাঠপর্যায়ের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সার্ক কৃষি কেন্দ্র।
কৃষি উন্নয়নের আঞ্চলিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান ছড়িয়ে দিতে কৃষি সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন কেন্দ্রটির নবনিযুক্ত পরিচালক ড. মো: গোলাম মাহবুব।
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ড. মো: গোলাম মাহবুব বলেন, সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম এবং কৃষিবিষয়ক সংবাদ আরো কার্যকরভাবে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের সাথে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেয়া প্রয়োজন। এক্ষেত্রে কৃষি সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদার করা হবে।’
মতবিনিময় সভায় বিএআরএফের পক্ষ থেকেও সার্ক কৃষি কেন্দ্রের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা বলেন, কৃষি গবেষণা, নতুন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষকের উদ্ভাবন এবং সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কৃষি সাংবাদিকরা নিয়মিতভাবে কাজ করছেন।
তারা বলেন, সার্ক কৃষি কেন্দ্রের গবেষণা, বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের সংবাদ গণমাধ্যমে আরো ব্যাপকভাবে তুলে ধরতে কেন্দ্রের সাথে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। একইসাথে কৃষি সাংবাদিকদের জন্য মতবিনিময়, তথ্যবিনিময় ও যৌথ কার্যক্রমের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো: ইউনূস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. মো: সিকান্দার খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (প্রাকৃতিক সম্পদ) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো: শরীফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার (প্রকাশনা) মো: আবুল বাশার মিরাজ, মিডিয়া ও কমিউনিকেশন অফিসার মো: নুরুল ওয়ারা।
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কৃষিবিদ নিজামুল হক, সহ-সভাপতি চপল মাহমুদ, সাধারণ সম্পাদক কাওসার আজম, অর্থ সম্পাদক নূরে আলম, দফতর সম্পাদক ফারুক আহমেদ আরিফ, কার্যনির্বাহী সদস্য জাহিদুর রহমান।








