ইউরিয়া সার
ইউরিয়া সার সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় ইউরিয়া সার আমদানির দু’টি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ের উপস্থাপিত দু’টি প্রস্তাব বিবেচনার পর অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

প্রথম প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে বিদ্যমান জিটুজি চুক্তি সংশোধনের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর ফলে ২০২৬-২৭ অর্থবছরে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এফওবি (ফ্রি অন বোর্ড) ও সিএফআর (কস্ট অ্যান্ড ফ্রেইট)- উভয় শর্তে কেনার সুযোগ থাকবে।

প্রস্তাব অনুযায়ী, এই সংশোধনের ফলে আন্তর্জাতিকভাবে প্রচলিত দু’টি সরবরাহ ও মূল্য নির্ধারণ ব্যবস্থার যেকোনো একটির আওতায় বাংলাদেশ ইউরিয়া সার কিনতে পারবে।

অন্যদিকে দ্বিতীয় প্রস্তাবের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জিটুজি ব্যবস্থায় প্রিল্ড ইউরিয়া সার আমদানির জন্য ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিনটর্গের সাথে চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের নেয়া ব্যবস্থার অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র : ইউএনবি