দক্ষিণ আফ্রিকা, বন্দুক হামলা, নিহত
গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। ইন্টারনেট

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

Advertisement

সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন দক্ষিণ আফ্রিকায় নতুন করে এ সহিংসতার ঘটনা ঘটল। 

এএফপি এই খবর জানিয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। মাদক ব্যবসা, অবৈধ খনন কার্যক্রম এবং মিনিবাস ট্যাক্সির রুট নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাসহ বিভিন্ন কারণে এসব হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, প্রথম ঘটনায় সোমবার ভোরে রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে একটি অনানুষ্ঠানিক বসতি থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ সকালে একটি ছোট ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।’

নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের বাইরের একটি আধা-গ্রামীণ এলাকায়। রোববার গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিতে ঝাঁজরা হওয়া একটি গাড়ি দেখতে পায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘গাড়ির ভেতর থেকে আটজন পুরুষকে উদ্ধার করা হয়। তাদের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।’

নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও এখনই কোনো ধারণা করা যাচ্ছে না বলে জানিয়েছেন কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশ মুখপাত্র কর্নেল রবার্ট নেতশিউন্ডা।

নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে তিনি বলেন, ‘এ ধরনের গুলির ঘটনা আমরা আগেও দেখেছি। কখনো গবাদিপশু চুরি, কখনো মাদক ব্যবসা, আবার কখনো ট্যাক্সি চলাচলের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এসব হামলা হয়ে থাকে।’