
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিশ্চিত ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ৪২ জনে পৌঁছেছে।
বুধবার (১১ নভেম্বর) কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডিআরসির স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এই প্রাদুর্ভাবটি ইবোলা ভাইরাসের বিরল ‘বুন্দিবুগিও’ স্ট্রেইনের কারণে ছড়িয়েছে। এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট টিকা বা চিকিৎসা পদ্ধতি তৈরি হয়নি। এই স্ট্রেইনে আক্রান্তদের প্রায় অর্ধেকরই মৃত্যু হয়।
ডিআরসির ২৬ প্রদেশের মধ্যে আটটি এই প্রাদুর্ভাবের কবলে পড়েছে এবং অনেক মৃত্যু ঘটেছে চিকিৎসাকেন্দ্রের বাইরে।
রোগ শনাক্তে বিলম্ব, সংঘাত এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে।
চলতি মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলার দু’টি নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে এবং জানিয়েছে যে, ২০২৭ সালের শুরুর দিকে এর ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে পূর্ব, মধ্য ও পশ্চিম আফ্রিকাজুড়ে ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে, যা এই মহাদেশে এখন পর্যন্ত ঘটা ইবোলা প্রাদুর্ভাবগুলোর মধ্যে ভৌগোলিকভাবে সবচেয়ে বিস্তৃত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








