ঘটনাস্থলে মানুষ জড়ো হয়েছেন
ঘটনাস্থলে মানুষ জড়ো হয়েছেন। সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় পৃথক দু’টি গোলাগুলির ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েডেলা টাউনশিপের একটি বারে আটজন সন্দেহভাজন ব্যক্তি গুলি চালালে ১৭ জন নিহত এবং আরো কমপক্ষে ১৫ জন আহত হন।

আরেকটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, কেপ টাউনের কাছে লওয়ান্ডলে এলাকায় একটি বিনোদনকেন্দ্রে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে যে, তারা একাধিক সন্দেহভাজনকে খুঁজছে, তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

পূর্ব উপকূলীয় শহর ডারবানের কাছে একটি ঘরোয়া অনুষ্ঠানে তিনজন বন্দুকধারীর হামলায় এক গর্ভবতী নারীসহ ১১ জন নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই এই দু’টি হামলার ঘটনা ঘটল।

সূত্র : দ্য গার্ডিয়ান