সড়ক দুর্ঘটনা, ট্রাক, মোটরসাইকেল, নিহত, এনজিও কর্মী, ট্রাকচাপা
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রিপন চন্দ্র রায় (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোঁচাবাড়ি এলাকার চব্বিশ টিউবওয়েল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রিপন পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরি প্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও-তে মাইক্রোক্রেডিট সেকশনের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিপন সকালেও মাইক্রোক্রেডিটের কিস্তির টাকা আদায়ের জন্য শহরের শান্তিনগর থেকে ছোট খোঁচাবাড়ির দিকে যাচ্ছিলেন। চব্বিশ টিউবওয়েল এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিপন মারা যান।

এ সময় স্থানীয় লোকজন ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। পরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামনে থেকে ট্রাকটি আটক করে ঠাকুরগাঁও মোটর-মালিক সমিতির সামনে রাখা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহাজাহান সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নিহতের লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। তারা আইনি প্রক্রিয়া শেষে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করবে।’