
চট্টগ্রামের চন্দনাইশে গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমদ (১২) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুস মার্কেট সংলগ্ন দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শেখ আহমদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সোহেলের ছেলে। সে দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তেঁতুল পাড়তে গাছে উঠেছিল শেখ আহমদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাচালক মো: সোহেলের পাঁচ মেয়ে ও একমাত্র ছেলে ছিল শেখ আহমেদ।’
তিনি জানান, একমাত্র ছেলেকে হারিয়ে ছেলের মা-বাবা এখন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








