
খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে রহসজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান।
জানা গেছে, বুধবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘রাত পৌনে ৩টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভূমি অফিসের কানুনগো কক্ষ ও সমাজসেবা অফিসের একটি কক্ষের মালামাল পুড়ে যায়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তের পর জানা যাবে। রহস্যজনকভাবে দু’টি অফিসেরই জানালা খোলা অবস্থায় পাওয়া যায় ‘
সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, মধ্যরাতে অফিসের পিছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে। ঘটনাস্থলে জানালার পাশে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা যায়। এতে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এছাড়া ভূমি অফিসের বিভিন্ন নথিও পুড়ে যায়। এঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সমাজসেবা কার্যালয়।
অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি ইউএনও নুসরাত ফারিয়া।
প্রাথমিকভাবে এটাকে নিছক দুর্ঘটনা বা রাজনৈতিক নাশকতার উদ্দেশ্যে মনে হয়নি উল্লেখ করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো: কায় কিসলু বলেন, ‘ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর জন্য আগুন দেয়া হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








