
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় গাড়ির ধাক্কায় আবুল হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জুবায়ের হোসেন জানান, আবুল হোসেন সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টস লিমিটেডের জুনিয়র ড্রাই প্রসেস অপারেটর। সকালে অটোরিকশা করে গার্মেন্টসে আসার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত আবুল হোসেন চাঁদপুর সদর জেলার রাঙ্গেগাও এলাকার আবুল বাকের গাজীর ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তে জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








