মাদরাসায় আগুন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখার পর গণমাধ্যমের সাথে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পিআইডি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

Advertisement

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথা জানান।

শিক্ষার্থীর চিকিৎসায় দু’টি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই মেডিক্যাল বোর্ডে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।’

এম এ মুহিত বলেন, ‘যারা আছেন, তাদেরকে পরিচর্যার জন্য দু’টি মেডিক্যাল বোর্ড ইতোমধ্যেই গঠন করা হয়েছে এবং তাদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষা লাগছে ইনভেস্টিগেশন, সেগুলো সবকিছু ফ্রি করে দেয়া হয়েছে।’

সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। এ ঘটনায় আহত ৭৯ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

চিকিৎসকরা বলেছেন, তাদের কারো শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’।

প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ‘বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রথম থেকেই তাদের অত্যন্ত যত্ন সহকারে সঠিকভাবে চিকিৎসা দিয়েছেন। অনেকেই মোটামুটি রিকভার করছেন। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরো প্রায় ৩০ জনকে আমরা ছুটি দিয়ে দিতে পারব। বাকি যারা আছেন, তারা এখন পর্যন্ত ভালো আছেন।’

আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, ‘তাদেরকে আইসিইউ যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাআল্লাহ তারাও রিকভার করবেন।’

সূত্র : বাসস