
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবর ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশী কর্মী মো: শাহেদ আহম্মেদের লাশ দেশে এসে পৌঁছেছে।
আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে তার লাশ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পরে সকাল ৯টায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় দ্রুততার সাথে তার লাশ দেশে আনা হয়েছে। নিহতের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে। তার দুটি সন্তান রয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে আমাদের ৪০ লাখেরও বেশি প্রবাসী রয়েছেন। যে কারণে সেখানে কোনো কিছু ঘটলেই আমরা ভীতসন্ত্রস্ত থাকি। এখন পর্যন্ত ১০ জন প্রবাসীর লাশ আমরা দেশে ফেরত এনেছি। তিনি হলেন ১১তম।’
দালালচক্রের কারণে বিদেশে যাওয়ার খরচ বেড়ে যায় উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন।’
বিদেশে গমনেচ্ছুক কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন ভালোভাবে জেনে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে আমাদের মিশনগুলো সবসময় সচেষ্ট রয়েছে। বিদেশে কোনো নাগরিক বিপদে পড়লে খবর পাওয়া মাত্রই মন্ত্রণালয় তাদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।’
এদিকে, আজ লাশ হস্তান্তরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক র্কমসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে লাশ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে আরো ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, লাশ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়ার জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








