
কক্সবাজারে অবকাশ যাপনে গিয়ে ইনানীর একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন চুয়াডাঙ্গা শহরের এক নারী ও তার পাঁচ বছরের শিশুসন্তান। নিহতরা হলেন দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা ফারিয়া কবীর (৩৩) ও তার ছেলে ফাইজান। মা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার ও পরিচিতজনদের মধ্যে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফারিয়া কবীরের স্বামী নুর আলম ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কোম্পানির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত। চাকরির সুবাদে গত আট বছর ধরে তারা চুয়াডাঙ্গায় বসবাস করছেন। ফারিয়ার পৈতৃক বাড়ি বরিশালে।
পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপনের উদ্দেশ্যে গত ১৪ অক্টোবর কক্সবাজারের উদ্দেশে রওনা হন তারা। তবে আনন্দের এই ভ্রমণ শেষ পর্যন্ত তাদের জন্য মর্মান্তিক ঘটনায় পরিণত হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের ইনানী এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রিসোর্টে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফারিয়া ও তার শিশুসন্তানসহ ১০ পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটে।
একই পরিবারের মা ও শিশুসন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। আনন্দের মুহূর্ত কাটাতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না স্বজনরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








