ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এনা পরিবহন, হানিফ পরিবহন, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস, বাসের সংঘর্ষ, ঢাকা-মাওয়া সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনাকবলিত বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস। সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা ও হানিফ পরিবহনের দুইটি বাসের সংঘর্ষে কয়েকজন যাত্রী আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট বাসের দরজা ভেঙে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে হাসাড়া যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে এনা পরিবহনের বাসটি ব্রেক করলে পেছন থেকে আসা হানিফ পরিবহনের বাসটি সেটিকে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে হানিফ পরিবহনের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে, হানিফ পরিবহনের বাসটির গন্তব্য ছিল খুলনা। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।