এসি বিস্ফোরণ, মৃত্যু, জীবন বর্মন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জীবন বর্মন গাইবান্ধার গোপালপুর সদরের ভাটপাড়া এলাকার সচিন বর্মনের ছেলে। তিনি রাজধানীর কোনাপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই অনিক বর্মন জানান, সকালে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে দোকানের ভেতরে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। এ সময় হঠাৎ এসি বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।