কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট, বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজধানীর কদমতলীতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রিপন (২৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাপানি বাজারের ৫ নম্বর গলির বাবু মিয়া টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপন নোয়াখালীর রামগঞ্জ থানার আশাকোঠা গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি কদমতলীর শনির আখড়া এলাকায় থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মনির জানান, বিদ্যুতের কাজ করার সময় রিপন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।