
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন জমিতে সার ও কীটনাশক ছেটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এবং অপরজন ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর ও চরকাওনা গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন— উপজেলার এগারসিন্দুর গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে মো: কালাম (৪৫)দ এবং চরকাওনা গ্রামের দুলাল মিয়ার ছেলে শহীদ উল্লাহ (৭০)। তারা দুজনই পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মো: কালাম নিজের জমিতে সার ও কীটনাশক ছিটাচ্ছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চরকাওনা গ্রামে ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়তে গিয়ে আকস্মিক নিচে পড়ে যান শহীদ উল্লাহ। এতে তিনি মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা: তাওহীদ জানান, কালামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর শহীদ উল্লাহকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আনা হয়; পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকেও মৃত ঘোষণা করা হয়েছে।









