
রাজধানীর ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, ঢামেকের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো: আইয়ুব আলীর মাধ্যমে খবর পেয়ে জরুরি বিভাগের ওয়েটিং রুমের সামনে থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধা নারীকে পড়ে থাকতে দেখি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি- নিহত বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিল। আমরা তার নাম পরিচয় এখনো জানতে পারিনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইম টিমকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।








