
রাজধানীর শনির আখড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো: ইউনুস জানান, কদমতলী থানার শনির আখড়া ৮নং রোড সাফা টাওয়ার নির্মাণাধীন ভবনের ময়লা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পাঁচতলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন জোসনা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত জোসনা বেগমের পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি, তিনি শনির আখড়া এলাকায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।








