সড়ক দুর্ঘটনা, হানিফ ফ্লাইওভার, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আহত, নিহত
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২৪) নামে আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

নিহত কবির হোসেন ওয়ারী থানার গোপীবাগ এলাকার নুর ইসলামের ছেলে এবং আহত সুমন মিয়া বগুড়া জেলার সাঘাটা থানার মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফ্লাইওভারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা দিলে দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহত কবির হোসেনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ দুর্ঘটনায় আহত সুমন মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।