
রাজধানীর বনশ্রীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া আহমেদ তিশা মো: শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি রাজধানীর খিলগাঁওয়ের ৫৮/সি, মেরাদিয়া নয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
নিহত শিক্ষিকার ভাই এনাম আহমেদ জানান, তার বোন মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা ছিলেন। রাতে পাঠাওয়ের মোটরসাইকেলে করে তিনি বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী ও পুলিশ সদস্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।







