চুক্তি
দ্বিপক্ষীয় বৈঠকে করমর্দন করছেন আনোয়ার ইব্রাহিম ও এমানুয়েল মাক্রোঁ। নয়া দিগন্ত

বিরল খনিজ সম্পদ বা ‘রেয়ার আর্থ’ খাতে সহযোগিতা বাড়ানোসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে ফ্রান্স ও মালয়েশিয়া। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) মালয়েশিয়া সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব চুক্তির ঘোষণা দেন। দুই দেশের বিদ্যমান ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

মালয়েশিয়ায় সফররত এমানুয়েল মাক্রোঁ দেশটির সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে বিরল খনিজ সম্পদ আহরণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিশোধন খাতে দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক পণ্য, বায়ুশক্তি, মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে বিরল খনিজের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এসব শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে রেয়ার আর্থের কৌশলগত গুরুত্ব দিন দিন বাড়ছে।

গত জুলাইয়ে ফ্রান্সের প্রতিষ্ঠান কেয়ারস্টার মালয়েশিয়ার মালাকো মাইনিংয়ের  সাথে যৌথভাবে দেশটির উত্তরাঞ্চলীয় পেরাক রাজ্যে বিরল খনিজ পৃথকীকরণের একটি কারখানা নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে। এ প্রকল্পের জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে ১০ বছর মেয়াদি যৌথ উদ্যোগের পরিকল্পনা রয়েছে।

এমানুয়েল মাক্রোঁ জানান, প্রকল্পটির কার্যক্রম ২০২৭ সালের শুরুতেই চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়ায় খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি ফ্রান্সে সেগুলো পরিশোধনের সুযোগও তৈরি হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে কেয়ারস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডেরিক কারেনকোট জানিয়েছিলেন, প্রস্তাবিত কারখানাটিতে বছরে প্রায় ১৩ হাজার টন বিরল খনিজ প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সহযোগিতাকে খনিজ খাতে নজিরবিহীন উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া সাধারণত কাঁচামাল রফতানি করে না। তবে ফ্রান্সের সাথে এ সহযোগিতায় তারা সম্মত হয়েছে, কারণ ফরাসি পক্ষ খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং মালয়েশিয়ার সাথে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, চীনের বাইরে বিশ্বের বৃহত্তম বিরল খনিজ পৃথকীকরণ কারখানাটি মালয়েশিয়ায় অবস্থিত। দেশটি এ খাতে চীনের একক আধিপত্যের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। বর্তমানে বিশ্বের প্রায় ৬০ শতাংশ বিরল খনিজ উত্তোলন এবং প্রায় ৯০ শতাংশ পরিশোধন করে চীন। ফলে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় বিকল্প উৎস গড়ে তোলার ক্ষেত্রে মালয়েশিয়ার গুরুত্ব বাড়ছে।

বিরল খনিজের পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতেও একাধিক চুক্তি করেছে দুই দেশ। এর মধ্যে হাইব্রিড হুমকি মোকাবিলায় একটি আঞ্চলিক ফ্রান্স-মালয়েশিয়া কেন্দ্র প্রতিষ্ঠা এবং মালয়েশিয়ার সেনাবাহিনীর জন্য অনুসন্ধান, উদ্ধার ও যুদ্ধ পরিচালনায় সক্ষম হেলিকপ্টার সরবরাহের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এমানুয়েল মাক্রোঁ বলেন, ‘দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তির প্রাক্কালে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।’ তিনি অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।

২০২৫ সালে ফ্রান্স ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ দশমিক ৯ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। মালয়েশিয়ায় বর্তমানে ৩০০টিরও বেশি ফরাসি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ফ্রান্সের শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃহৎ কোম্পানিগুলোর প্রায় তিন-চতুর্থাংশ রয়েছে। দেশটিতে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিরল খনিজ ও প্রতিরক্ষা খাতে নতুন সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সাথে বৈশ্বিক বিরল খনিজ সরবরাহব্যবস্থায় চীনের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টায় ফ্রান্স ও মালয়েশিয়ার এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।