সভা-সমাবেশ
প্যারিসের হেলেন-বুশে উচ্চবিদ্যালয়ের সামনে পুলিশ মোতায়েন। নয়া দিগন্ত

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান সামাজিক আন্দোলন ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। 

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) থেকে শুক্রবার ২০ নভেম্বর পর্যন্ত প্যারিসের ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১০০ মিটারের মধ্যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অননুমোদিত সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্যারিস পুলিশ। রোববার প্রকাশিত এক সরকারি আদেশে এসব বলা হয়।

ফরাসি সংবাদমাধ্যম ল্য মোঁদ-এর সূত্র অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে—চতুর্থ প্রশাসনিক এলাকার শার্লেমান, পঞ্চম এলাকার ল্যাভয়জিয়ে, ষষ্ঠ এলাকার ফেনেলোঁ ও মনটেইন, অষ্টম এলাকার শাপতাল ও রাসিন, একাদশ এলাকার দোরিয়াঁ, ত্রয়োদশ এলাকার পিয়েরে-জিল দ্য জেন এবং সপ্তদশ এলাকার কার্নো ও বালজাক বিদ্যালয়।

এ ছাড়া পাঁচটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এগুলো হলো—সরবোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, প্যারিস সিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্যাম্পাস, পঁতেওঁ-সরবোন বিশ্ববিদ্যালয়ের রেনে-কাসাঁ ও লোরসিন কেন্দ্র এবং পঁতেওঁ-আসাস বিশ্ববিদ্যালয়ের রু দ্য ভোজিরার সড়কে অবস্থিত একটি শাখা ক্যাম্পাস।

পুলিশের এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে প্যারিসের পুলিশপ্রধান পাত্রিস ফোয়ের বলেন, ‘রাজধানী ও এর আশপাশের এলাকায় চলমান সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সামনে একাধিক অবরোধ এবং সহিংস ঘটনার সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও অন্যান্য সদস্যদের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

তিনি জানান, আন্দোলন শুরুর পর থেকে প্যারিস মহানগর এলাকায় এ পর্যন্ত এক হাজার ৫৪৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ প্রধানের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি ছোট অংশ জড়িত থাকলেও এর কারণে অন্য শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল এবং শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথেঙ অবরোধের কারণে ক্ষুব্ধ অভিভাবকদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাও তৈরি হচ্ছে।

তবে পুলিশের এ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে ফ্রান্সের শিক্ষার্থী সংগঠন উনেফ। সংগঠনটির মতে, এ ধরনের নিষেধাজ্ঞা স্বাধীনতার অধিকারের ওপর সুস্পষ্ট আঘাত।

এদিকে, গত শুক্রবার প্যারিসের ডানপন্থি নেতৃত্বাধীন আটটি প্রশাসনিক এলাকার মেয়ররা অবরুদ্ধ বিদ্যালয়গুলোর প্রবেশ ও বের হওয়ার পথ নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে শিক্ষা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা এবং আন্দোলন ঘিরে সহিংসতা ও সংঘাত নিয়ন্ত্রণে আনতেই প্যারিস পুলিশ এ পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য। তবে এ নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের আন্দোলন ও সমাবেশের স্বাধীনতার ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।