প্রবাসী
‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর প্রথম যৌথ সভা। নয়া দিগন্ত

প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব, সম্পদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করাসহ ১১ দফা দাবি ঘোষণা করেছে যুক্তরাজ্যে গঠিত ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ (এসপিওবিপি)। 

Advertisement

গত শুক্রবার পূর্ব লন্ডনের একটি হোটেলে সংগঠনটির প্রথম যৌথ সভা ও সংবাদ সম্মেলনে এ ঘোষণাপত্র উপস্থাপন করা হয়।

পরিষদের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সহসভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম।

ঘোষিত ১১ দফা দাবির মধ্যে রয়েছে—প্রবাসীদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোট দেয়ার কার্যকর ব্যবস্থা, দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ, জুলাই সনদে প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব, বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সেবার মান উন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করা।

এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, বিদেশে আটক ও বিপদগ্রস্ত প্রবাসীদের আইনি সহায়তা, তাদের সম্পদের নিরাপত্তা এবং সম্পত্তি দখল ও প্রতারণার অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে। 

বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে সরকারি ব্যবস্থাপনায় লাশ দেশে ফিরিয়ে আনা, রেমিট্যান্স ও ব্যাংক আমানতের সুরক্ষা, বিনিয়োগে বিশেষ সুবিধা, ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং পেনশন ব্যবস্থা চালুর দাবিও রয়েছে। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনকারীদের দেশে ফিরে কাজ করার সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

স্বাগত বক্তব্যে মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সাম্প্রতিক বাংলাদেশ সফরে সরকারের মন্ত্রীসহ সরকারি ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে আলোচনায় প্রবাসীদের দাবির প্রতি আন্তরিকতা অনুভব করেছেন। এসব দাবি আদায়ে দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব প্রবাসী বাংলাদেশীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

যৌথ সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী, বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি অধ্যাপক শাহগীর বখত ফারুক, যুক্তরাজ্যের ট্রাইব্যুনাল বিচারক নজরুল খসরু, বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ, বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি বশির আহমদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সাইফুল আলম, ওলামা-মাশায়েখ পরিষদ ইউকের সাবেক সভাপতি মাওলানা মওদুদ হাসান, লেখক ও গবেষক ড. এ ডি এম ইউনুস এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামানসহ উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্য, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং কমিউনিটি নেতারা। 

পরে পরিষদের গঠনতন্ত্র, তহবিল ও কর্মপরিকল্পনা নিয়ে যৌথ সভায় আলোচনা এবং কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বিচারপতি ইমান আলী বলেন, দ্বৈত নাগরিকত্বধারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এ বৈষম্য দূর করতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে চাপ সৃষ্টি করতে হবে।

যুক্তরাজ্যের বিচারক নজরুল খসরু বলেন, দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। এ বিষয়ে সরকার ও বিরোধী দলগুলোর প্রয়োজনীয় উদ্যোগ নেয়া উচিত।