
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম জনমত জরিপে ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ডানপন্থী নেতা মেরিন ল্য পেন। অন্যদিকে, পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জুডো তারকা টেডি রিনারের নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত ফরাসি গণমাধ্যম সি নিউজের জন্য ওপিনিয়নওয়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রথম দফার নির্বাচনে মেরিন ল্য পেনের পক্ষে সমর্থন রয়েছে ৩১ শতাংশ ভোটারের। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ। তার সমর্থন ১৬ শতাংশ। ১২ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন হরাইজনস দলের নেতা এদুয়ার ফিলিপ।
জরিপে নতুন প্রার্থী টেডি রিনার পেয়েছেন ৪ শতাংশ ভোটারের সমর্থন। এ ছাড়া রাফায়েল গ্লুকসম্যানের পক্ষে ১০ শতাংশ এবং ডেভিড লিসনারের পক্ষে ৯ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া গেছে। ব্রুনো রেতাইয়ো পেয়েছেন ৪ শতাংশ সমর্থন। এরিক জেমুর, গ্যাব্রিয়েল আতাল ও মেরিন তোন্দেলিয়ের প্রত্যেকের সমর্থন ৩ শতাংশ। জরিপে ১৪ শতাংশ উত্তরদাতা তাদের পছন্দের কথা জানাননি।
জুডো তারকা টেডি রিনার নিজেকে ডানপন্থী বা বামপন্থী; কোনো শিবিরেরই অংশ নন বলে ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, তিনি একজন ঐক্যবদ্ধকারী প্রেসিডেন্ট হতে চান। গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ।
রিনারের প্রার্থিতা বিশেষভাবে প্রভাব ফেলেছে মধ্যপন্থী ও ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠের সমর্থকদের মধ্যে। জরিপ অনুযায়ী, প্রেসিডেন্টের সংখ্যাগরিষ্ঠ জোটের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়া ৬ শতাংশ ভোটার এবং সমাজতান্ত্রিক দলের ৭ শতাংশ সমর্থক তাকে ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
অন্যদিকে, টেডি রিনার নির্বাচনে অংশ না নিলে মেরিন ল্য পেনের সমর্থন বেড়ে ৩২ শতাংশে দাঁড়ায়। ডেভিড লিসনার পান ১০ শতাংশ, গ্যাব্রিয়েল আতাল ৪ শতাংশ এবং ব্রুনো রেতাইয়ো ৫ শতাংশ সমর্থন। বিপরীতে এরিক জেমুরের সমর্থন কমে ২ শতাংশে নেমে আসে।
নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে টেডি রিনার বলেন, ফ্রান্সের প্রয়োজন একজন পেশাদার রাজনীতিবিদ নয়; বরং প্রয়োজন সাধারণ বুদ্ধিবোধ, দৃঢ়তা, ন্যায়বিচার এবং রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা। তিনি ফরাসি জনগণকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
রাজনীতিতে তার অভিজ্ঞতার অভাব নিয়ে সম্ভাব্য সমালোচনার জবাবও দিয়েছেন এই অলিম্পিক চ্যাম্পিয়ন। তবে সাম্প্রতিক জরিপে তার ভোটের সমর্থন ৪ শতাংশ হলেও অতীতের একটি জরিপে তার সম্ভাব্য নির্বাচনী গ্রহণযোগ্যতার চিত্র ছিল ভিন্ন।
২০২৫ সালের শেষ দিকে হ্যারিস ইন্টারঅ্যাকটিভ পরিচালিত এক জরিপে দেখা যায়, ১৮ শতাংশ উত্তরদাতা টেডি রিনারকে ভোট দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন। তাদের মধ্যে ৫ শতাংশ নিশ্চিতভাবে এবং ১৩ শতাংশ সম্ভাব্য ভোটার হিসেবে নিজেদের অবস্থান জানিয়েছিলেন। ওই জরিপে মেরিন ল্য পেনের সম্ভাব্য ভোটের হার ছিল ৩৮ শতাংশ এবং জ্যঁ-লুক মেলঁশোঁর ছিল ১৬ শতাংশ। তবে এটি প্রথম দফার ভোটের অভিপ্রায় নয়, বরং প্রার্থীদের সম্ভাব্য নির্বাচনী গ্রহণযোগ্যতা নিয়ে করা জরিপ।
এদিকে, ১০ নভেম্বর প্রকাশিত সিএসএ পরিচালিত এক জরিপে ৫৭ শতাংশ ফরাসি নাগরিক টেডি রিনারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণাকে ফ্রান্সের জন্য ‘খারাপ বিষয়’ বলে অভিহিত করেছেন।
ওপিনিয়নওয়ের এই জরিপটি ১০ থেকে ১২ নভেম্বর অনলাইনে স্ব-উত্তর পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ১৮ বছর বা তার বেশি বয়সী এক হাজার একজন ব্যক্তির মতামত নেয়া হয়েছে। জাতীয় প্রতিনিধিত্বশীল নমুনা নিশ্চিত করতে কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
জরিপের ফলাফল অনুযায়ী, মেরিন ল্য পেন, জ্যঁ-লুক মেলঁশোঁ ও এদুয়ার ফিলিপের পাশাপাশি নতুন প্রার্থী টেডি রিনারের অংশগ্রহণ ফ্রান্সের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তবে জরিপের এই পরিসংখ্যান ভোটারদের বর্তমান মনোভাবের একটি চিত্র মাত্র; নির্বাচনের আগে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








