
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (সেশন-১)’।
গতকাল কুয়ালালামপুরের লিটল ইউএম পার্ক ফুটবল মাঠে সকাল থেকে দুটি পৃথক মাঠে দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

ফাইনাল ও চূড়ান্ত ফলাফল
উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিডি সুবাং এফসি। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে এসবি এফসি মালেক্কা এবং তৃতীয় স্থান অর্জন করেছে মাস্টার অন দ্য পিচ।
টুর্নামেন্টের সেরা পারফরমারদের তালিকা
পুরো টুর্নামেন্টজুড়ে ব্যক্তিগত নৈপুণ্য ও অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
সেরা খেলোয়াড়: রাব্বি খান (বিডি সুবাং এফসি)
সেরা গোলকিপার: আমজাদ খান (বিডি সুবাং এফসি)
সেরা স্কোরার: আরাফাত (এসবি এফসি মালেক্কা)
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ফিরোজ রব্বানী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিডিএফসি-এর সভাপতি রাফিজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আজগর মিলন, সহ-সভাপতি সোহাগ আহমদ, সহ-সভাপতি শাহজাহান আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের রহমানসহ সংগঠনের অন্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্পন্সর প্রতিনিধি হিসেবে মাজারুল আলম, মো: ইব্রাহিম, ওমর ফারুকসহ অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় হবে। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এবং আরো সুন্দরভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








