নিহত মালদ্বীপপ্রবাসী আবদুল্লাহ আল মামুন
নিহত মালদ্বীপপ্রবাসী আবদুল্লাহ আল মামুন। নয়া দিগন্ত

মালদ্বীপে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ আল মামুন (৩৯) নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১২, নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

নিহত প্রবাসী মামুনের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে। তার বাবার নাম মোকছদার রহমান। জীবিকার সন্ধানে মাত্র আড়াই মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন মামুন।

প্রবাসী মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাইকমিশন। একইসাথে হাইকমিশন জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়ার পর দ্রুত লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিহতের প্রতিবেশী মালদ্বীপপ্রবাসী নজরুল ইসলাম মামুন জানান, আবদুল্লাহ আল মামুন মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডের একটি রেস্টুরেন্টে কিচেন হেলপার হিসেবে কাজ করতেন। বুধবার (১০ নভেম্বর) প্রতিদিনের মতো কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিকেলে হঠাৎ করে কাজের মধ্যে মাথা ঘুরে লুটিয়ে পড়েন। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

নজরুল ইসলাম আরো জানান, মামুনের লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনে আবেদন করেছে পরিবার। একইসাথে পরিবারের পক্ষ থেকে দ্রুত লাশ দেশে পাঠানোর পাশাপাশি সরকারি আর্থিক সহায়তাও যেন দ্রুত পাওয়া যায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

বর্তমানে আবদুল্লাহ আল মামুনের লাশ দেশটির স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।