বাংলাদেশ, মালদ্বীপ, সামুদ্রিক নিরাপত্তা, সামরিক সহযোগিতা, দুর্যোগ মোকাবিলা, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স, বাংলাদেশ হাইকমিশন
এমএনডিএফের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।। নয়া দিগন্ত

মালদ্বীপের সাথে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও মালদ্বীপ।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) মালদ্বীপের প্রতিরক্ষা সদর দফতরে দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরো সুদৃঢ় করা ও সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পায়।

এছাড়াও মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও সামুদ্রিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুদেশের অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব এ আলোচনায় উঠে আসে।

সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরো এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এর পাশাপাশি দুদেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ–মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ।