
মালদ্বীপে এক দিনের ব্যবধানে আরো দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুলাল হোসেন (৫০) জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে এবং অন্য নিহত কামরুল ইসলাম (৫২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আব্দুল শহিদের ছেলে।
হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর মো: দুলাল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী মালের একটি স্থানীয় হাসপাতালে মারা যান। তার লাশ মঙ্গলবার (১০ নভেম্বর) হাইকমিশনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় দেশে পাঠানো হবে।
অন্যদিকে, মো: কামরুল ইসলামের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে হাইকমিশন।
দুলাল হোসেনের ভাগনে মো: হাফেজুল ইসলাম জানান, ‘প্রায় ১০ বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন তার মামা। সেখানে বৈধ কাগজপত্র ছাড়াই রাজধানী মালের বিভিন্ন দোকানে কাজ করতেন তিনি। গত ৫ নভেম্বর রাত ১টার দিকে খাওয়া শেষে ওয়াশরুমে যান দুলাল। সেখান থেকে ফিরে হঠাৎ গুরুতর অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
অন্যদিকে, কামরুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম জানান, ‘কয়েক দিন ধরেই তার স্বামী শারীরিক অসুস্থতার কথা বলছিলেন। পরে অবস্থার অবনতি হলে গত ৬ নভেম্বর সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালে স্বামীর সাথে তার কথা হয়েছিল। তবে ওই দিন বিকেলেই স্বামীর মৃত্যুর খবর পান তিনি।’
কান্নাজড়িত কণ্ঠে হোসনে আরা বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ঋণ ও উচ্চ সুদে টাকা ধার করে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন। কিন্তু দেশটিতে যাওয়ার মাত্র এক মাসের মাথায় তাকে হারাতে হয়েছে। স্বামীকে হারিয়ে এখন দুই সন্তানকে নিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঋণের বোঝায় দিশেহারা তিনি। এ অবস্থায় স্বামীর লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি, যাতে শেষবারের মতো স্বামীর মুখ দেখতে পারেন তিনি ও তার দুই সন্তান।’
দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, দুই প্রবাসীর অকালমৃত্যুতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








