মালদ্বীপ, যুবদল, প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপি, জিয়াউর রহমান, তারেক রহমান
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান। নয়া দিগন্ত

মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মালের সি-বিল্ডিংয়ের মিলনায়তনে মালদ্বীপ যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন।’ 

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে খলিলুর বলেন, ‘কোনো প্রবাসী ভাই যেন এমন কোনো অপকর্মে জড়িত না হন, যাতে করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ণ হয়।’

তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সাথে দেশ ও দলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

যুবনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, মো: ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মনির হোসেন, ক্রীড়া সম্পাদক মামুন, যুবনেতা মাহাবুব আলম, আবু জাহের, আবু আহমেদ সেলিম, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য, ভবিষ্যৎ রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি আরো সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।