
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি বলেন, ‘ইসলামের ইনসাফ, সাম্য ও সৌন্দর্য প্রতিষ্ঠিত হলেই মানুষ এর সুফল ভোগ করতে পারবে।’
রোববার (২৫ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুরে লেমবাগা গেটাহ আসলি হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, ‘রাসুলুল্লাহ সা:-এর ২৩ বছরের নবুয়তি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দ্বীনের শিক্ষা ও দাওয়াতের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা। মক্কায় দীর্ঘ ১৩ বছর নির্যাতন সহ্য করেও তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। পরে মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় বহু মানুষ জীবন দিয়েছেন, অসংখ্য পরিবার তাদের সন্তান হারিয়েছে। এই আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে কেবল বৈষম্যহীনতার স্লোগান যথেষ্ট নয়; প্রয়োজন ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা।’
প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘দেশের অর্থনীতি ও জাতীয় অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ও প্রবাসীরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। তাদের সংগঠিত শক্তি ও সম্মিলিত উদ্যোগ দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের সদস্য হয়ে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা এবং দেশে ও প্রবাসে সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তাকী উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া দাওয়াহ সার্কেলের সহ-সভাপতি এনামুল হক আজহারী, এনসিপি মালয়েশিয়ার সহ-সভাপতি ওসমান, মওলানা ফয়েজ, হাফেজ আতাউর রহমান, মওলানা মাজহার, হীরা মিয়া, আরীফ মুন্সি, আকায়েদ সরকার, মওলানা বদরুদ্দোজা, সাঈদ মোহাম্মদ রাহাত প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








