
মধ্যপ্রাচ্যের সৌদি আরবে পবিত্র মদিনায় বজ্রবৃষ্টির সময় খেজুর গাছ থেকে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে সাতকানিয়ার এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে মদিনা প্রদেশের আল উলা শহরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর সিদ্দিক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ফরিদুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের প্রতিবেশী এনামুল হক বলেন, ‘আবু বক্কর সিদ্দিক কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি দোকানে চাকরি করতেন। এরপর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান আবু বক্কর সিদ্দিক। সেখানে আল উলা শহরে খেজুরগাছে কাজ করার সময় বজ্রবৃষ্টির মধ্যে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে নিহতের চাচা মো: বেলাল উদ্দিন জানান, আর্থিক অবস্থার পরিবর্তন করতে বিগত সাড়ে ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবু বক্কর। সেখানে মদিনার আল উলা শহরে খেজুর বাগানে কাজ করত সে। ঘটনার দিন সে প্রতিদিনের মতো খেজুর গাছে কাজ করার সময় বজ্রবৃষ্টির মধ্যে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন জানান, আমার ইউনিয়নের আবু বক্কর নামে এক রেমিটেন্স যোদ্ধা মদিনা শহরে নিজ কর্মস্থলে বজ্রবৃষ্টিতে গাছ থেকে পড়ে মারা গেছে। ছেলেটি অত্যন্ত ভালো ছিল। তার আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








