
কারাবন্দী বাংলাদেশী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শনিবার কলকাতায় বিক্ষোভ মিছিল করে ডেপুটি হাইকমিশনে হামলার চেষ্টা করা হয়েছে। এ সময় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও ক্ষমতাসীন দল বিজেপির সহযোগী দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়ার (এনসিপিআই) সন্ন্যাসী ও কর্মীরা পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।
ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বকবাগান এলাকায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছে কলকাতা পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে এই ধস্তাধস্তি হয়।
ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যর্থ হওয়ার পর আন্দোলনকারীরা ডেপুটি হাইকমিশনের বাইরের রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুরু করেন। তারা চিন্ময় দাসের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ‘কোনো যথাযথ বিচার ছাড়াই’ এই হিন্দু সন্ন্যাসীকে দীর্ঘ সময় ধরে কারাগারে আটকে রাখা হয়েছে।
ত্রিপুরায় নিবন্ধিত অপেক্ষাকৃত কম পরিচিত সংগঠন এনসিপিআই জাতীয় স্তরে পরিচিতি লাভ করে যখন লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সংসদ সদস্যদের একটি বড় অংশ এই দলে যোগ দেয় এবং এনডিএ-কে সমর্থন জানায়।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ২০২৪ সাল থেকে কারাবন্দী আছেন।
চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়।
গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত) মামলাটি করেন। ১৯ জনকে আসামি করা হয় এ মামলায়।
মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের ওপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানে রয়েছে।
২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদীঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শন করে অবমাননা করে আগে টানানো জাতীয় পতাকার ওপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়।
যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল। আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার তথা রাষ্ট্রদ্রোহ কর্মে লিপ্ত হয়েছে বলে এ মামলার এজাহারে বলা হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








