
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সহিবিশন অ্যান্ড কনফারেন্স (আইএনটিএসি-২৬)। ২-৪ অক্টোবর কুয়ায়ালামপুর কনভেশন সেন্টারে (কেএলসিসি) আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর ও বাংলাদেশী ট্রাভেলটেক প্রতিষ্ঠান এম৩৬০ আইসিটি অংশগ্রহণ করেছে।
বাংলাদেশের দু’টি বুথে বিভিন্ন তথ্য ও উপকরণের মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে। বিদেশী দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের নিয়ে বাংলাদেশ বুথ পরিদর্শন করছেন।
মেলার অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় ওপেন স্টেজে বাংলাদেশের পর্যটনবিষয়ক বিভিন্ন ভিডিও চিত্র ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন দিক আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী সংস্কৃতিকর্মীদের একটি দলের এই আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
মেলার প্রথম দিন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ মেলার অন্যান্য বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় আগত দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতিকে এবং এই খাতসংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিকে আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
এর আগে, মেলা উদ্বোধন শেষে বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং বাংলাদেশকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান সম্মানিত অতিথি আকবাল সেটিয়া, ডেপুটি ডিরেক্টর জেনারেল, প্রমোশনস/সচিবালয় প্রধানসহ সংশ্লিষ্ট অতিথিগণ, আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আইএনটিএসি-২৬-এ বাংলাদেশসহ ২৫টি দেশ ১৫৫টি বুথে অংশগ্রহণ করছে। এর মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ ও এ সংক্রান্ত তথ্য-প্রযুক্তি সেবা তুলে ধরাসহ এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








