
জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি বিস্তৃত করা, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং নিজ নির্বাচনী এলাকা শিবগঞ্জের ব্যবসা ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা অন্বেষণের লক্ষে বর্তমানে মিশর সফর করছেন মাননীয় সংসদ সদস্য ড. মো: কেরামত আলী।
সফরকালে তিনি ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি মিশরে অবস্থানরত বিভিন্ন ব্যবসায়ী, বিনিয়োগকারী, দূতাবাসের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে।
এসব বৈঠকে মিশরের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নের অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেয়ার পাশাপাশি শিবগঞ্জের উন্নয়নে সম্ভাব্য নতুন উদ্যোগ ও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হবে।
এদিকে মিশরের বিমানবন্দরে পৌঁছালে ড. মো: কেরামত আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি নোমানুল করিমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরে তার সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন আল-আজহারের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি তাজদিদ বীন ওয়াদুদ এবং সেক্রেটারি জহিরুল ইসলাম।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এ ধরনের মতবিনিময় ভবিষ্যতে শিবগঞ্জের উন্নয়ন পরিকল্পনায় নতুন চিন্তা ও অভিজ্ঞতা যুক্ত করতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








