নিহত প্রবাসী বাংলাদেশী আবু তাহের লিটন
নিহত প্রবাসী বাংলাদেশী আবু তাহের লিটন। নয়া দিগন্ত

মালদ্বীপে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হওয়া প্রবাসী বাংলাদেশী আবু তাহের লিটনের (৪৪) মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিহতের ছেলে মো: আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়।

নিহত আবু তাহের লিটন নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের বদি আলমের ছেলে।

নিহতের ছেলে মো: আল আমিন জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় ১০ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান তার বাবা আবু তাহের লিটন। তিনি বৈধভাবে মালদ্বীপের একটি স্থানীয় কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি মাফুশি আইল্যান্ডের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কনস্ট্রাকশনের কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন বাবা লিটন।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তার ‍মৃত্যু হয়।

আল আমিন বলেন, আমার আব্বুর এই মাসেই বাড়িতে আসার কথা ছিল। বাড়িতে তিনি ঠিকই ফিরবেন, তবে জীবিত নয়— নিথর লাশ হয়ে।

বর্তমানে নিহত লিটনের লাশ স্থানীয় একটি হিমঘরে রাখা হয়েছে। তার লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত প্রবাসী আবু তাহের লিটনের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন থেকে জানানো হয়েছে, নিহতের লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ৩ অক্টোবর তার লাশ দেশে পাঠানো হবে।