মালদ্বীপ, প্রবাসী, মতবিনিময় সভা 
বুড়িচং উপজেলা প্রবাসীদের মিলনমেলা ও মতবিনিময় অুনষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত
মালদ্বীপে বসবাসরত কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী মালের রুট সিক্সটি-সিক্স রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে সফররত সাবেক বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য পৌরসভার মেয়র প্রার্থী মো: কামাল হোসেন।
 
বিএনপি মালদ্বীপ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বুড়িচং উপজেলা এবং এর আশপাশের জেলা ও উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাংবাদিক মো: আল আমিন। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বুড়িচং উপজেলার প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং বুড়িচংয়ের বর্তমান পরিস্থিতি, পৌর এলাকার উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সাথে এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও পারস্পরিক যোগাযোগ আরো জোরদারের বিষয়েও আলোচনা হয়।
 
ফিরোজ সিপনের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: দুলাল হোসেন, মো: মনির হোসেন, মো: সিপন, মো: মনিরুল ইসলাম, মজিব নজরুল মজিব, মো: মোসলেহ উদ্দিন, মো: মতিউর রহমান, মো: মাহাবুবুর রহমান প্রমুখ।
 
মতবিনিময়কালে সম্ভাব্য পৌরসভার মেয়র প্রার্থী মো: কামাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের বিভিন্ন মতামত ও বক্তব্য শোনেন ও তাদের সাথে পৌরসভার উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে মতবিনিময় করেন। একই সাথে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিজ এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি।
 
পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার প্রবাসীদের এ মিলনমেলা শেষ হয়। এ সময় অংশ নেয়া প্রবাসীদের মধ্যে পারস্পরিক ঐক্য, যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।