জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন : আমান

দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তারেক রহমানকে গ্রহণ করেছে এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। দেশের মানুষের এই ভালোবাসার পেছনের মূল কারণ নেতাকর্মীদের আত্মত্যাগ। দলের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার প্রমাণ নেতাকর্মীরা অতীতেও দিয়েছে, বর্তমানেও দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে।

নয়া দিগন্ত অনলাইন
অনুষ্ঠানে আমান উল্লাহ আমান
অনুষ্ঠানে আমান উল্লাহ আমান |বাসস

দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগ, হামলা-মামলা ও নিরলস শ্রমের অবদানের স্বীকৃতি হিসেবেই মহান আল্লাহ ও দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় আসীন করেছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তারেক রহমানকে গ্রহণ করেছে এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। দেশের মানুষের এই ভালোবাসার পেছনের মূল কারণ নেতাকর্মীদের আত্মত্যাগ। দলের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার প্রমাণ নেতাকর্মীরা অতীতেও দিয়েছে, বর্তমানেও দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে।

সারাদেশে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাজার জিয়ারত সম্পন্ন হয়েছে। পরে জিয়া উদ্যান সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, যা বর্তমানে সমগ্র বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের স্বনির্ভরতার দর্শন স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগে তিনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তখন আমি তার সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি। তিনি সেসময়েই স্লোগান দিয়েছিলেন একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা।

গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষের মাঝে হাঁস, মুরগি, গরু, ছাগল ও বীজ বিতরণের মাধ্যমে স্বনির্ভরতার যে বীজ তিনি বপন করেছিলেন, আজ তা পূর্ণতা পাচ্ছে। একটি পরিবার স্বাবলম্বী হলে পুরো দেশ স্বাবলম্বী হবে এই নীতিতেই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ঢাকা-২ আসনের প্রতিটি ওয়ার্ডে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং দলের সার্বিক সাফল্যের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সূত্র : বাসস