রাষ্ট্রপতির ছেড়ে দেয়া আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

বিশেষ সংবাদদাতা
ব্রিফিং করছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ
ব্রিফিং করছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ |নয়া দিগন্ত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর। এছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার- এই তিনজন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

তিনি বলেন, আউট অভ কান্ট্রি ভোটিং থাকছে এবারো। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার কার্যভারকালে সংসদ-সদস্য নির্বাচিত হতে পারবেন না, এবং কোনো সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতিরূপে তার কার্যভার গ্রহণের দিনে সংসদে তার আসন শূন্য হবে। আর সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল দিলো নির্বাচন কমিশন।

এদিকে আসনটি শূন্য ঘোষণা করার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সেখানে লড়েছিলেন। এ উপ-নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন, বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।