রাবিতে নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রীসংস্থা

নবীন ছাত্রীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা বিশ্ববিদ্যালয় শাখা।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
ছাত্রীসংস্থার নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
ছাত্রীসংস্থার নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে নবীন সংবর্ধনা শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাইয়িদা হাফছা। স্বাগত বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের স্বাগত জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বিশ্ববিদ্যালয়জীবন ও পরবর্তী পথচলা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সহায়তা করা ও তাদের ভবিষ্যৎ পথচলাকে আরো সহজ ও সুন্দর করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেয়া নবীন শিক্ষার্থীরা বিভিন্ন পর্ব উপভোগ করেন।

ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাইয়িদা হাফছা বলেন, ‘আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ সেশনের নবীন ছাত্রীদের নতুন ক্যাম্পাসে স্বাগত জানাতে নবীন সংবর্ধনার আয়োজন করেছি। প্রতিবছর বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা নবীনদের নিয়ে এই আয়োজন করে থাকে।’

তিনি বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারের আয়োজনেও নবীনদের জন্য বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক আয়োজন ছিল। শিক্ষার্থীরা পুরো আয়োজন উপভোগ করেছে। আজকের এই আয়োজন তাদের পরবর্তী পথচলাকে সহজ ও সুন্দর করবে বলে প্রত্যাশা করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী অঞ্চলের সহকারী ও কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য মাহমুদা খাতুন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: ফাতেমা সিদ্দিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রোভোস্ট ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা কল্পনা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শারমিন সুলতানা এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আতকিয়া আনতারা।