বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনে বিজয়ী হওয়ার পর সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিএনপি জাতির সাথে দেয়া তাদের ওয়াদা ভঙ্গ করেছে। তারা গণভোটের গণরায়কে মেনে না নিয়ে এটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য মাত্র একটি কৌশল ছিল বলে তারা সংসদে প্রকাশ্যে দাঁড়িয়ে যা বলেছেন, এটি ১৮ কোটি মানুষের সাথে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না।’
তিনি বলেন, ‘সংসদে দাঁড়িয়ে জাতির সামনে এ রকম ধোঁকাবাজি ও প্রতারণা অতীতে কোনো দলের পক্ষে কোনো রাজনীতিবিদ করেছে বলে আমার জানা নেই।’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের যাত্রাপথে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে স্থানীয় ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির আরো বলেন, ‘বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট ও নানা অপকর্মে ভরে গেছে। তারা এই সকল অপকর্ম করবেন আর আমরা সাধারণ মানুষ বসে বসে ললিপপ খাবো, সেটি হবে না ইনশাআল্লাহ। কেননা জনগণ আমাদেরকে ললিপপ খাওয়ার জন্য কিংবা বিএনপির এ সকল অপকর্মের সহযোগী হওয়ার জন্য ভোট দিয়ে সংসদে পাঠায়নি। আমরা বিরোধীদলের ৯০ জন সংসদ সদস্য দেশের ১৮ কোটি মানুষের জন্য সংসদে ও সংসদের বাহিরে দারোয়ান কিংবা পাহারাদার হিসেবে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘মূলত আজকের এই লংমার্চের মধ্য দিয়েই আমরা জনগণের অধিকারের পক্ষে লড়াই-সংগ্রাম শুরু করেছি। আর এর মাধ্যমে আমরা জনগনের অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।’
বিরোধী দলীয় নেতা বলেন, ‘আমরা দেশ ও জনগণকে ভালোবাসি বলেই জনগণের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। আমাদের এই আন্দোলন কর্মসূচিতে যদি কেউ বাধা দেয়ার চেষ্টা করে, তাহলে এই আন্দোলন দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে।’
তাই কোনোরকম টালবাহানা না করে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সেই আলোকে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান রাখতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে তিনি আশা প্রকাশ করেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইনের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেন, ‘জুলাই আন্দোলনের পর একটি নির্বাচিত সরকারের প্রতি মানুষ যে প্রত্যাশা ও পরিবর্তনের আশা করেছিল, বর্তমান সরকার তার ধারের কাছেও যেতে পারেনি। বরং বিএনপি সরকার আগের মতোই সারাদেশে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, হত্যাসহ গ্যাস বিদ্যুৎ ও পানির তীব্র সঙ্কটে কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। জুলাই বিপ্লবের পর জনগণের যে আকাঙ্ক্ষা ছিল বিএনপি সরকার জনগণের সেই আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।’
তিনি বলেন, ‘সংসদ ও সংসদের বাইরে বিএনপির মন্ত্রী ও এমপিরা যেভাবে বক্তব্যে দিচ্ছেন তাতে মনে হয় তারা আগের ছেয়ে ভালো হয়ে গেছেন এবং জনগণের নিকট দেয়া সব ওয়াদা তারা পালন করবেন। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তারা যা বলে বাস্তবে বিপরীতটাই তারা করে।’
তিনি গণভোটের গণরায়কে মেনে নিয়ে বিএনপি সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানান। বলেন, অন্যথায় জনগণকে সাথে নিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন এমপি, আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভা আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল, কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জামায়াতের উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: মঞ্জুর আহমেদ সাকী, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছিম মিয়াজী প্রমুখ।
এ সয়ম আরো উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোবারক হোসাইন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারীসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।



