চুয়াডাঙ্গায় ছেঁড়া কাপড় ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীর বাঁশের আঘাতে গুরুতর আহত ফরিদুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কুল্লা গ্রামে ছেঁড়া কাপড় ফেলাকে কেন্দ্র করে ফরিদুল ইসলামের সাথে প্রতিবেশী দুলালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নিলে দুলাল ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে ফরিদুলের মাথায় আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় ফরিদুলকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রোববার রাতেই তাকে রাজশাহীতে নেয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



